পঞ্চগড়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে নারীকে জরিমানা
- আপডেট সময় : ০৪:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে নারীকে জরিমানা
পঞ্চগড়ে বাড়ির পাশের পুকুরে গোপনে নিষিদ্ধ আফ্রিকান জাতের মাগুর মাছ চাষ করার অপরাধে এক নারীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খুনিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।
এসময় স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় মানুষজন ও সদর থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে অভিযুক্ত সমেজা খাতুন (৪০), স্ত্রী শহিদুল ইসলাম, তিন হাজার টাকা জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকার মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী আফ্রিকান জাতের মাগুর মাছের চাষ, বিক্রি ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সমেজা খাতুন গোপনে নিজের পুকুরে চাষ করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় অভিযান চালিয়ে মৎস্য আইনে এই ব্যবস্থা নেওয়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, “সরকার আফ্রিকান মাগুর মাছ চাষ নিষিদ্ধ করেছে। আমরা অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেছি, যা স্থানীয় মাদরাসা বা এতিমখানায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী বলেন, “অভিযুক্তরা দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে আশ্বস্ত করেছেন। মৎস্য আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




















