নাটোরে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার – ছিনতাই হওয়া ব্যাটারি চালিত বউ রিক্সা উদ্ধার
- আপডেট সময় : ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৫৭৪ বার পড়া হয়েছে

নাটোরে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার – ছিনতাই হওয়া ব্যাটারি চালিত বউ রিক্সা উদ্ধার
নাটোরে ব্যাটারি চালিত বউ রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নাটোর সদর থানায় মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের বউ রিক্সাটি।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- গোয়ালডাঙ্গা গ্রামের সেলিম সরকারের ছেলে শাকিল (২৩), বড় হরিশপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সাঈদ (১৯), শহিদুল ইসলামের ছেলে রুমেল (১৯), জয়নাল ভ’ইয়ার ছেলে রুবেল (৩০), মৃত দারু মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪৩), ধলাট গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন, ফতেঙ্গাপাড়ার ছমির উদ্দিন মোল্লার ছেলে ইসমাইল হোসেন (৪৩)।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে নাটোর শহরের চৌধুরী পাড়ার ভাড়াটিয়া রিক্সা চালক কোয়েল হোসেন (২২) যাত্রীবেশী তিনজনের (শাকিল, সাঈদ ও কমেল) কাছ থেকে ভাড়া পান। তারা বড় হরিশপুর থেকে গুনারীগ্রাম অভিমুখী রাস্তায় নিয়ে গিয়ে কোয়েলের কাছ থেকে বউ রিক্সাটি ছিনিয়ে নেয়।
এরপর তারা স্ট্যাম্পে কোয়েলের সই নিয়ে ৫০ হাজার টাকা দিয়ে রিক্সা ছাড়িয়ে নিতে বলেছিল এবং যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দিয়েছিল। পরে কোয়েল নাটোর সদর থানায় এফআইআর দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামিসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার ও বউ রিক্সা উদ্ধার করে।
পরে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।




















