নাটোরের নলডাঙ্গায় ছাত্রদল-প্রশাসনের যৌথ অভিযানে মাদকের আস্তানা ধ্বংস, আটক-৩
- আপডেট সময় : ০১:০২:০০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় ছাত্রদল-প্রশাসনের যৌথ অভিযানে মাদকের আস্তানা ধ্বংস, আটক-৩
নাটোরের নলডাঙ্গায় মাদক নির্মূলে মাঠে নেমেছে ছাত্রদল। এরই ধারাবাহিকতায় একটি মাদকের কারখানা ধ্বংস করেছে থানা প্রশাসন ও উপজেলা ছাত্রদল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ব্রহ্মপুর এলাকায় একটি মাদকের কারখানার খবর পায় এলাকাবাসী। খবরটি তারা নলডাঙ্গা উপজেলা ছাত্রদলকে জানালে, ছাত্রদল নেতাকর্মীরা থানার সহযোগিতায় সেখানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ সরঞ্জামাদি জ্বালিয়ে ধ্বংস করা হয়।
নলডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযানকালে ব্রহ্মপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মাহাবুবুর রহমানের বাড়ি থেকে একটি নীল প্লাস্টিকের ড্রামে ৪৭ লিটার চোলাই মদ তৈরির তরল কাঁচামাল, ৬টি অ্যালুমিনিয়ামের পাতিল, একটি ড্রাম এবং ২২টি বোতলে প্রায় সাড়ে ৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসময় মাহাবুবুর রহমান (৩০), শামিম ইসলাম (৩০) ও আপন হোসেন (২১) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রহ্মপুরের আব্দুল মালেকের ছেলে মাহাবুবুর রহমান, রামশার কাজীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শামিম হোসেন এবং ব্রহ্মপুর গ্রামের আবজাল মৃধার ছেলে আপন হোসেন।
অভিযানে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল বাকী সুমন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়ায়ের আহম্মেদ, মুক্তার হোসেন, আবদুল আলীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদল সভাপতি সুমন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। প্রশাসনের সহযোগিতায় যেখানেই মাদকের খবর পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।”
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “চোলাই মদ তৈরির সময় তাদের হাতেনাতে ধরা হয়েছে এবং মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”










