১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নতুন অধ্যায় রচিত হবে: জামায়াত প্রার্থী আবুল কালাম
- আপডেট সময় : ০৮:৫৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৪৪ বার পড়া হয়েছে

১৪ দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নতুন অধ্যায় রচিত হবে: জামায়াত প্রার্থী আবুল কালাম
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ বলেছেন, “জুলাইকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে এবং ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাগাতিপাড়ার মালঞ্চি রেলগেট এলাকায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এ দাবি জানান।
আবুল কালাম আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি না মানা হলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে জামায়াতের নেতৃত্বে। স্বৈরাচার ও অবিচারকারীদের এ দেশে ঠাঁই হয়নি, বর্তমান শাসকরাও যদি জনগণকে শোষণ করেন তবে তাদের স্থানও বাংলাদেশে হবে না। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে, যতক্ষণ জুলাইকে আইনি ভিত্তি দেওয়া না হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন না হবে।”
সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় ও নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মিঠু সরকার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম মমতাজ আলী, পৌর আমির রাবউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




















