নাটোরে খেলনা পি/স্তল ঠেকিয়ে যুবককে অ-পহর-ণের চেষ্টা, গ্রেপ্তার দুই
- আপডেট সময় : ১০:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৬৫৬ বার পড়া হয়েছে

নাটোরে খেলনা পি/স্তল ঠেকিয়ে যুবককে অ-পহর-ণের চেষ্টা, গ্রেপ্তার দুই
নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণের চেষ্টার সময় ওয়াদুদ হোসেন শিহাব ও রাব্বানী নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওয়াদুদ হোসেন শিহাব জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং রাব্বানী গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাত ৯ টার দিকে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনা হয়। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নেওয়ার চেষ্টা করা হয়। গাড়িটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায় এবং থানা পুলিশকে খবর দেয়। এ সময় প্রাইভেটকারে থাকা চারজনের মধ্যে দুজন পালিয়ে যায় গেলেও শিহাব ও রাব্বানীকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে দেয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে বিদেশি পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই ঘটনায় সদর থানায় মামলা দায়ের পর রোববার (২৪ আগস্ট) আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।























