বাগাতিপাড়ায় কীটনাশক প্রয়োগে সহস্রাধিক বেগুন গাছ বিনষ্ট
- আপডেট সময় : ০১:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৪৩০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় কীটনাশক প্রয়োগে সহস্রাধিক বেগুন গাছ বিনষ্ট
নাটোরের বাগাতিপাড়ায় আগাছা নিধনের কীটনাশক প্রয়োগে এক কৃষকের এক হাজার ৫০টি বেগুন গাছ বিনষ্ট করেছে দূর্বত্ত্বরা। উপজেলার কোয়ালিপাড়া মাঠের এ ঘটনায় রোববার (১৩ এপ্রিল) ওই কৃষক মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্থ কৃষক হাসানুজ্জামান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
তিনি জানান, প্রায় দুই মাস পূর্বে তিনি ওই মাঠের এক বিঘা জমিতে এক হাজার ৫০টি বেগুন গাছ রোপন করেন। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ওইসব বেগুন গাছে আগাছা নিধনে ব্যবহৃত কীটনাশক প্রয়োগ করেছে। শনিবার বিকালে বেগুনক্ষেতে গিয়ে তিনি কীটনাশক প্রয়োগের বিষয়টি জানতে পারেন। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
বাগতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।























