লালপুরে আ.লীগের হামলায় গুলিবিদ্ধ বিএনপি কর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন পুতুল
- আপডেট সময় : ১২:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ৫৩৩ বার পড়া হয়েছে

লালপুরে আ.লীগের হামলায় গুলিবিদ্ধ বিএনপি কর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন পুতুল
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আওয়ামীলীগের হামলায় গুলিবিদ্ধ সুজাত আলী (৩৫) নামে এক বিএনপি কর্মীর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক, আন্তর্জাতিক বিষয়ক, মিডিয়া সেলের সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
গুলিবিদ্ধ সুজাত আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার দিন রাতেই সুজাত আলীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ছুটে যান এবং তার চিকিৎসার দায়িত্ব নেয় ফারজানা শারমিন পুতুল।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমূখ।
এদিকে এ ঘটনার প্রতিবাদে লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপি মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।























