সাপাহারে রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ
- আপডেট সময় : ০৪:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৪০৩ বার পড়া হয়েছে

সাপাহারে রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ
মুসলমানদের প্রানপ্রিয় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরুর মাংস ও ডিম সহ সকল পন্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষে নওগাঁ জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে সাপাহার উপজেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আসন্ন রমজান মাসে মুসল্লীগন যাতে গরুর মাংস ও ডিম ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে সেই জন্য সাপাহার উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে শুক্রবার সকালে গরু জবাই করে তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ ন্যায্য মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার গোলাম রব্বানী সহ স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,গণমাধ্যেম কর্মীগণ ও সর্ব সাধারন জনগণ সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিনিধিকে জানান যে,পবিত্র রমজান মাস উপলক্ষে জনসাধারণ যাতে ন্যায্য মূল্যে গরুর মাংস এবং ডিম পায় সেই জন্য জেলা প্রশাসক, নওগাঁ স্যারের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান যে পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল ৭ টায় সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে ষাড় গরু জবাই করে জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে মাংস বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি পরিবার একদিনে সর্বোচ্চ দেড় দুই কেজি পর্যন্ত গরুর মাংস কিনতে পারবেন।
এছাড়াও রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন মুড়ি,চিড়া,ডাল, তেল, সেমাই, ছোলা,পিয়াজ,রসুন এর ন্যায্য মূল্যের একটি দোকান চালু করা হয়েছে। সরেজমিনে উক্ত বাজারে গিয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ কে স্বাগত জানান সর্বস্তরের জনগণ ।























