নানা বাড়ি থেকে ফেরা হলোনা শিশু শিমুলের!
- আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

নানা বাড়ি থেকে ফেরা হলোনা শিশু শিমুলের!
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নানা বাড়ি থেকে ফেরা হলোনা শিশু শিমুলের! নাটোরের সিংড়ায় সড়কের পাশে খেলতে গিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় শিমুল হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১টার টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান ইমন শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামের দিন মজুর শামীম হোসেনের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, শনিবার সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার নাছিয়ার কান্দিতে নানা ফয়েজ উদ্দিনের বাড়ির পাশে খেলতে যায় শিমুল। খেলার এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই অটোভ্যানের ধাক্কায় পাকা সড়কে পড়ে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পার্শ্ববতী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন শিশুটির স্বজনরা।
নিহত শিশুর বাবা শামীম হোসেন জানান, শিমুল তার মায়ের সাথে ঈদে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুই-একদিরের মধ্যে বাড়িতে আসবে বলেছিল। কিন্তু তা আর হলো না। সড়ক দুর্ঘটনায় শিশুকে হাড়াতে হলো।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনোয়ারুজ্জামান বলেন, দুর্ঘটনার স্থানটি সিংড়া থানাধিন হওয়ায় গুরুদাসপুর থানায় কোন মামলা রুজু হয়নি। গুরুদাসপুর হাসপতিালের জরুরী বিভাগের চিকিৎসকের ভাষ্য এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।























