বাউয়েটে প্রতিষ্ঠাতা উপাচার্যের পরিদর্শন, উন্নয়ন নিয়ে মতবিনিময়
- আপডেট সময় : ০৮:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

বাউয়েটে প্রতিষ্ঠাতা উপাচার্যের পরিদর্শন, উন্নয়ন নিয়ে মতবিনিময়
নতুন বিষয় চালু ও শিক্ষা-গবেষণায় গুরুত্ব দেওয়ার পরামর্শ; সম্মাননা স্মারক প্রদান
নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শহীদ উল্লাহ, পিএসসি (অব.) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। পরে দুই উপাচার্য সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.) এবং ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) মেজর মনজিনুল মুবীন (অব.)।
ক্যাম্পাসে অবস্থানকালে প্রতিষ্ঠাতা উপাচার্য সিন্ডিকেট কক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বিষয় চালুর পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত সময় দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শহীদ উল্লাহর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন বর্তমান ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।





















