লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৩২০ বার পড়া হয়েছে

লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে আতিক আলী (৩১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আতিক আলী ওই গ্রামের মো. আশরাফ আলী ও মোছা. রুবিয়া বেগমের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আতিক আলীর বাবা আশরাফ আলী পরিবারের অন্য সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী সেলিম হোসেনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যান। এ সময় আতিক বাড়িতে একাই ছিলেন। পরিবারের সদস্যরা তাকে অনুষ্ঠানে যেতে বললেও তিনি যাননি। বিকেল ৪টার দিকে আতিকের মা বাড়িতে ফিরে তাকে ঘরের ভেতর বাঁশের তীরের সঙ্গে গলায় নাইলন দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নিচে নামান। পরে পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরিবারের লোকজন জানায়, প্রায় নয় মাস আগে আতিকের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। প্রায় চার মাস আগে আদালতের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ বর্তমানে থানায় রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে।


















