রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
এম এম মামুনঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা, শতভাগ আবাসন নিশ্চিত, অনাবাসিক ভাতা চালু, পূর্ণাঙ্গ মেডিকেল সেবা ও বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয় হিসেবে ৩ লাখ ৭০ হাজার টাকা দেখানোর বিষয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, জিএসের সামগ্রিক ব্যয়ের বক্তব্য বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন।
আবাসন সংকট প্রসঙ্গে মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য অনাবাসিক ভাতা চালুর দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন করতে হবে।
পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পরবর্তী নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, এর আগেও রাবি ছাত্রশিবিরের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে ছাত্রশিবির।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব, অফিস সম্পাদক শামীম পাটোয়ারীসহ শাখা ও হল শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



















