নতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

নতুন কুঁড়িতে নাটোরের দুই সেরা শিশু ক্রীড়াবিদকে সংবর্ধনা
নাটোর প্রতিনিধি:
জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য সাফল্যের জন্য নাটোরের দুই উদীয়মান ক্রীড়াবিদ জান্নাতুল ফেরদৌস ফারিহা ও মোহাম্মদ আমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস ফারিহা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন। অপরদিকে মোহাম্মদ আমান ২০০ মিটার স্প্রিন্টের বালক বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন কৃতী দুই ক্রীড়াবিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে ফারিহা ও আমানের এই অর্জন নাটোর জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও নাটোরের সুনাম ছড়িয়ে দিতে তরুণ ক্রীড়াবিদদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।














