ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
- আপডেট সময় : ১০:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার প্রভু (৫৫) এবং তার ছেলে নিমাই (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু, তার ছেলে নিমাইসহ কয়েকজন কৃষিশ্রমিক পাট কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিমাই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ার প্রভুসহ একই এলাকার আরও দুজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার প্রভুর মৃত্যু হয়। আহত অপর দুইজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাজাহান আলী বলেন, পাট কাটার সময় বজ্রপাতে ছেলে নিমাই ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা আনোয়ার প্রভুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

















