আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০
- আপডেট সময় : ১১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০
বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানা ভবনে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনতাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে থানায় আটক এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কয়েকশ মানুষ থানা ঘেরাও করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সদস্য ও স্থানীয় জনতাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুজব ছড়ানো এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।


















