পবায় পূর্ব বিরোধের জেরে ফলন্ত আমগাছসহ বিভিন্ন গাছ কাটার অভিযোগ
- আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

পবায় পূর্ব বিরোধের জেরে ফলন্ত আমগাছসহ বিভিন্ন গাছ কাটার অভিযোগ
রাজশাহীর পবায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ফলন্ত আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দারেস আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তেঘর গ্রামের মজিবর রহমানের ছেলে দারেস আলী বসতবাড়ির পাশের আড়াই শতক জমি তাঁর আপন ভাই শরিফুল ইসলামের কাছ থেকে ক্রয় করেন। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, গত ৩০ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে দারেস আলীর আপন ভাই মিঠন আলী, বাবুল হোসেন, রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম তাদের সহযোগীদের নিয়ে ক্রয়কৃত জমি এবং পাশের জমিতে থাকা ৬টি ফলন্ত আমগাছ, একটি নিমগাছ ও একটি ডুমুর গাছ কেটে নিয়ে যান। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
ভুক্তভোগীর দাবি, গাছ কাটার ঘটনায় প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। পরে তারা গাছ কাটার কাজে ব্যবহৃত দা, কুড়াল, করাতসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার দিনই দারেস আলী পবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, আমগাছসহ বিভিন্ন গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












