বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ
- আপডেট সময় : ০৮:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ
সাংগঠনিক দায়মুক্তি, ভিসা জটিলতা ও নির্দিষ্ট ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে স্পষ্ট অবস্থান
বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিত হাসান সংগঠনটির সদস্যপদসহ যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। ১১ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে তিনি ব্যক্তিগত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে এই সিদ্ধান্তের কথা জানান এবং একই দিন থেকে তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ করেন।
পদত্যাগপত্রে মুমিত হাসান অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান ও দায়মুক্তির বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, পদত্যাগ কার্যকরের তারিখ থেকে বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়নের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড, সিদ্ধান্ত বা কার্যক্রমের কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন না।
বিশেষভাবে তিনি সংগঠনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি তায়কোয়ানডো বিভাগের কোচ মো: রাশিদুল হাসানের (পাসপোর্ট নম্বর: BOO788247) প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো কর্মকাণ্ডের ফলে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হলে তার কোনো আইনি বা আর্থিক দায়ভার নিজের ওপর বর্তাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
একইসঙ্গে ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুমিত হাসান। তিনি জানান, অতীতে কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও আমেরিকার ভিসার জন্য যেসব ব্যক্তি আবেদন বা ভ্রমণ করেছিলেন, সেই পুরো প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। ফলে এসব বিষয়ে ভবিষ্যতে কোনো আর্থিক, প্রশাসনিক বা আইনি জটিলতা সৃষ্টি হলে তার দায়ভারও তিনি গ্রহণ করবেন না বলে চিঠিতে উল্লেখ করেন।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, তাকে যেন দ্রুত সময়ের মধ্যে ইউনিয়নের সকল দাপ্তরিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে অব্যাহতি প্রদান করা হয়। এ বিষয়ে সংগঠনের কোনো প্রশ্ন, আপত্তি বা দাপ্তরিক জটিলতা থাকলে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্যও সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের পর কোনো ধরনের যোগাযোগ বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও চূড়ান্তভাবে উল্লেখ করেছেন মুমিত হাসান।




















