নবীনগরে প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধা/ও/য়া, ঠিকাদারের বিরুদ্ধে সমালোচনার ঝড়
- আপডেট সময় : ০৯:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

নবীনগরে প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধা/ও/য়া, ঠিকাদারের বিরুদ্ধে সমালোচনার ঝড়
কাজের মান নিয়ে বিরোধের জেরে সরকারি কর্মকর্তার ওপর হামলার চেষ্টা, ভিডিও ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে অভিযোগ তোলাকে কেন্দ্র করে তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া দিয়েছেন লোকমান হোসেন নামে এক ঠিকাদার। এ সময় প্রাণভয়ে দৌড়ে গিয়ে কোনোমতে রক্ষা পান ওই সরকারি কর্মকর্তা। জনসম্মুখে এমন ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় একটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান প্রকৌশলী তরিকুল ইসলাম। সেখানে কাজের মান নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে লোকমান হোসেন একটি বাঁশ হাতে নিয়ে প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই নবীনগরের সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, নবীনগরের ইতিহাসে কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে মারধরের জন্য ধাওয়া করার ঘটনা এর আগে ঘটেনি। তারা এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, লোকমান হোসেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার প্রতিষ্ঠানের মাধ্যমে এলজিইডির অধীনে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ধীরগতির কাজ এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।




















