ঝিনাইগাতীতে ঈদ উপহারঃ দুই শতাধিক পরিবার পেল ব্যাগভর্তি নিত্যপণ্য
- আপডেট সময় : ০৪:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে ঈদ উপহারঃ দুই শতাধিক পরিবার পেল ব্যাগভর্তি নিত্যপণ্য
‘ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে মানবিক সহায়তা, প্রবাসী পৃষ্ঠপোষকতায় আয়োজন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ব্যাগভর্তি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার যিদনী মডেল স্কুল চত্বরে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’-এর সদস্যরা। এ মানবিক উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিভিত্তিক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান গবেষক ড. জাফর ইকবাল।
বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিঠা, মুড়ি, ডাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. নাইম ইসলাম এবং আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই আমরা প্রতি বছর এ উদ্যোগ গ্রহণ করি।”
তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



















