রাজশাহীতে রেশম শ্রমিকদের সংবাদ সম্মেলন: আউটসোর্সিং বাতিল ও বকেয়া বেতন পরিশোধের দাবি
- আপডেট সময় : ০৩:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে রেশম শ্রমিকদের সংবাদ সম্মেলন: আউটসোর্সিং বাতিল ও বকেয়া বেতন পরিশোধের দাবি
৫৮৩ জন শ্রমিকের পুনর্বহাল ও নিয়মিত বেতন প্রদানের আহ্বান
রাজশাহীতে রেশম শ্রমিকরা আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৮ মার্চ) দুপুর ১টায় নগরীর সুলতানাবাদে অবস্থিত রাজশাহী রেশম সম্প্রসারণ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রেশম শ্রমিক দল, রাজশাহী রেশম বোর্ড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬২ নম্বর অধ্যাদেশের মাধ্যমে ১৯৭৮ সালে রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর রেশম খাতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জিত হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, এক সময় রেশম বোর্ডে ৫৮৩ জন শ্রমিক কর্মরত ছিলেন। কিন্তু বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে ৫৮৩ জনের মধ্যে ৩২৭ জনকে বাদ দেওয়া হয়েছে, এবং বর্তমানে মাত্র ২৫৬ জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকরা দাবি করছেন, অর্থ মন্ত্রণালয় ছাঁটাই করা ৩২৭ জন শ্রমিককে পুনর্বহালের অনুমতি দিয়েছে। তবুও রেশম বোর্ড কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা প্রদান করছে না। এর ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ৩১ মার্চ ২০২৬ সালের পর আউটসোর্সিং পদ্ধতিতে টেন্ডারের মাধ্যমে শ্রমিক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যা অভিজ্ঞ শ্রমিকদের জন্য আতঙ্কের বিষয়। অনেক শ্রমিক ২০–৩০ বছর ধরে রেশম চাষ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। আউটসোর্সিং পদ্ধতি হলে তারা স্থায়ী তালিকা থেকে চিরতরে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন।
শ্রমিকরা আউটসোর্সিং বাতিল, ৫৮৩ জন শ্রমিককে রাজস্ব খাতভুক্ত করা এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ নিয়মিত বেতন প্রদানের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেশম শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তাসেন। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেশম শ্রমিক দলের সভাপতি শাহ আলম লুটু, সাংগঠনিক সম্পাদক দীপক কুমার, এবং মীরগঞ্জ বীজআগারের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।




















