গোদাগাড়ীতে পদ্মায় ট্রলারের ধা/ক্কায় জেলের মৃ’ত্যু
- আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩০৪ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে পদ্মায় ট্রলারের ধা/ক্কায় জেলের মৃ’ত্যু
মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ; জালে আটকে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বালুবাহী ট্রলারের ধাক্কায় এক জেলের মৃত্যু হয়েছে। পরে যে জাল দিয়ে তিনি মাছ ধরছিলেন, সেই জালেই আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ফুলতলি ঘাট এলাকায় পদ্মা নদী-তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলের নাম ধীরেন্দ্রনাথ (ধীরেন) মন্ডল (৪৫)। তিনি গোদাগাড়ী পৌরসভার রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতেও ধীরেন মন্ডল ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত আটটার দিকে একটি অজ্ঞাত ট্রলারের সঙ্গে সংঘর্ষে তাদের নৌকাটি দুলে ওঠে। এতে ধীরেন ও তার ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন আর উঠতে পারেননি।
ঘটনার পর স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেনের মরদেহ উদ্ধার করা হয়।
গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পদ্মা নদীতে বালুবাহী ট্রলারের চলাচলে আরও সতর্কতা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।














