আগামী নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে নারী সমাজ: নাটোরে বিএনপি নেতা দুলু
- আপডেট সময় : ০৭:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে নারী সমাজ: নাটোরে বিএনপি নেতা দুলু
নির্বাচনী প্রচারণায় নারী অধিকার প্রসঙ্গে বক্তব্য; নতুন বাংলাদেশ গঠনে ধানের শীষে ভোটের আহ্বান
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা (নাটোর-২) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে।
বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের জনসংখ্যার অর্ধেক নারী। ইসলাম ধর্মে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নারীদের সম্মান ও মর্যাদা দেওয়ার কথা বলেছেন। কিন্তু দুঃখজনকভাবে জামায়াতের আমির নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়।”
দুলু আরও বলেন, “বর্তমানে দেশের নারী সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মনে করছে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা সংকুচিত হবে এবং তাদের ঘরের বাইরে বের হওয়ার সুযোগ কমে যাবে। এজন্য নারী সমাজ আগামী নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি।”
এ সময় তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।




















