গণভোটে ‘হ্যাঁ–না’ প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসন সিনিয়র সচিব
- আপডেট সময় : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে

গণভোটে ‘হ্যাঁ–না’ প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা: জনপ্রশাসন সিনিয়র সচিব
নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে শুধু ভোটার উদ্বুদ্ধকরণে থাকবে প্রশাসন
নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব এহছানুল হক বলেন, “আগে নির্বাচন কমিশনের এ ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে বর্তমানে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না।”
তিনি আরও বলেন, “প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে। তবে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো নির্দিষ্ট ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালানো হবে না।”
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।




















