গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
- আপডেট সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
ঠাকুরগাঁওয়ে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য
দেশের ভবিষ্যৎ গঠন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২১ জানুয়ারি) পৌরশহরের মির্জা রুহুল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, “না ভোটের প্রচারণা বেশি বেশি করে করবেন। আর যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন, তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে।”
তিনি আরও বলেন, “কোনো দল যদি না ভোটে অবস্থান নেয়, তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানি করছে।”
তিনি অভিযোগ করেন, হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, “পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। ভবিষ্যৎ আপনার হাতেই। এ রকম সুযোগ বারবার আসে না। সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না বলেই আপনাদের কাছে আসা।”
উপদেষ্টা আরও বলেন, “আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন, তাহলে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা এককভাবে কিছু করতে পারবে না।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।




















