দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, অস্ত্র উদ্ধার করতে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি, অস্ত্র উদ্ধার করতে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
ভারতের কাছ থেকে তিস্তা-পদ্মাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের অঙ্গীকার বিএনপি মহাসচিবের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সরকারের ব্যর্থতা।
সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী যে নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। তবে নির্বাচনি প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি স্পষ্টভাবে বোঝা যাবে।
ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের একটি স্পষ্ট কমিটমেন্ট রয়েছে। তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা ভারতের সঙ্গে আলোচনায় বসবো। পারস্পরিক সম্মান বজায় রেখে কূটনৈতিকভাবে আমাদের দাবি আদায় করার চেষ্টা করা হবে। আমরা যদি সঠিক ডিপ্লোমেটিক আচরণ করতে পারি, তাহলে ভারতের বিরূপ আচরণও কমে আসবে।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা মূলত দেশের অপমান। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলোতে পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বিদ্যমান রাষ্ট্র কাঠামোর অধীনে সরকার গঠন হলে ফ্যাসিবাদ সৃষ্টি হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা সবসময় ফ্যাসিবাদের ভয় দেখায়, নিজেরা কিছু করে না এবং বিদেশে বসে বড় বড় কথা বলে, তারাই এসব আশঙ্কা করে। আমরা এসব নিয়ে ভয় করি না। আমরা ফ্যাসিবাদকে তাড়াতেও জানি, প্রতিরোধ করতেও জানি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



















