দরবেশ সেজে ভোট চাইতে আসবে, জাতীয় পার্টির ফাঁদে পা দেওয়া যাবে না: জাহিদুর রহমান
- আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

দরবেশ সেজে ভোট চাইতে আসবে, জাতীয় পার্টির ফাঁদে পা দেওয়া যাবে না: জাহিদুর রহমান
পীরগঞ্জে বিএনপির সমাবেশে সাবেক এমপি’র সতর্কবার্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান বলেছেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। তাই এই জাতীয় পার্টি থেকে সাবধান। তারা এবার দরবেশ সেজে ভোট চাইতে আসবে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।”
শনিবার (১২ ডিসেম্বর) বিকালে পীরগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি আরও বলেন, “এবার গুজব নয়, আগামী ২৫ ডিসেম্বর সত্যিই তারেক রহমান দেশে ফিরবেন। এই আসনটি এবার আপনাদের সহায়তায় তারেক রহমানকে উপহার দেওয়া হবে। বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কুলসুম বেগম, সদস্য সচিব মাহফুজা বেগম, বিএনপি নেতা ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, ছাত্রনেতা মেজবাহুল হক সূর্য ও রবিউল ইসলাম প্রমুখ।
সমাবেশে পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদল ও মহিলা দলের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে ঢাকায় হাদীর উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




















