জেন্ডার সমতা ও শিশু অধিকার প্রতিষ্ঠায় রাজশাহীতে সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

জেন্ডার সমতা ও শিশু অধিকার প্রতিষ্ঠায় রাজশাহীতে সংলাপ অনুষ্ঠিত
পরিবার থেকে কর্মক্ষেত্র—সবখানে বৈষম্যহীন পরিবেশ গঠনে সচেতনতা বৃদ্ধির তাগিদ বক্তাদের
জেন্ডার সমতা, শিশু অধিকার এবং কর্মক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে রাজশাহীতে নিয়োগকর্তা ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ইউসেপ বাংলাদেশের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে এ সংলাপের আয়োজন করা হয়।
ইউসেপ বাংলাদেশের রাজশাহী রিজিওনের উদ্যোগে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)-এর সহায়তায় পরিচালিত ‘জেন্ডার রেসপনসিভ ইনক্লুশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে জেন্ডার সমতা, শিশুদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, শিশু অধিকার বাস্তবায়ন, মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারীর প্রতি সহিংসতা মোকাবিলা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
সংলাপে বক্তারা বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র—প্রতিটি স্তরে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে পারলে শিশু ও নারীর সুরক্ষা এবং অধিকার রক্ষা সম্ভব। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও জবাবদিহিমূলক করতে হবে বলে মত দেন তারা।
বক্তারা আরও বলেন, পরিবার, কর্মক্ষেত্র ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে নারীর প্রতি বৈষম্যহীনতা নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্ব নয়, আধুনিক শ্রমবাজারেও এর গুরুত্ব অপরিসীম। দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং জেন্ডার-সংবেদনশীল নীতি বাস্তবায়নে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
ইউসেপ বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সঞ্চালনায় সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ উপদেষ্টা পরিষদের সদস্য ও আল-আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী।
এছাড়া আরও বক্তব্য দেন—ওয়েব-এর বিভাগীয় সভাপতি আঞ্জুমান আরা পারভিন লিপি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজিটি নাজনীন, উত্তরা গ্রুপ অব কোম্পানির জেনারেল ম্যানেজার এম. ওহিদুর রশীদ, রেনেসাঁস গ্রুপের প্রতিনিধি লাবনী আক্তার এবং পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।




















