ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ার পরপরই অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের ৫ ছাত্রী!
- আপডেট সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ার পরপরই অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের ৫ ছাত্রী!
একই বিস্কুট খাওয়ার পর শ্বাসকষ্টে আক্রান্ত, হাসপাতালে ভর্তি — উদ্বেগে অভিভাবক ও শিক্ষকরা
ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ার পরপরই একটি উচ্চ বিদ্যালয়ে পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেনবর) সকালে সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ঘটে যাওয়া এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থদের সবাইকে দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়সূত্রে জানা যায়, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার কিছুক্ষণের মধ্যেই ষষ্ঠ শ্রেণির পাঁচ ছাত্রী হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, “একজন অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর আরেকজনও একইভাবে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। কী কারণে এমন হলো, এখনো বুঝে উঠতে পারছি না।”
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই বলেন, “পাঁচজনই শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসেছে। জিজ্ঞেস করে জানা গেছে, অ্যাসেম্বলি শেষে সবাই একই ধরনের বিস্কুট খেয়েছিল। এরপরই উপসর্গ দেখা দেয়। তাদের ফুসফুস পরিষ্কার রয়েছে এবং জ্বর বা কাশি ছিল না। বিস্কুটটি মেয়াদোত্তীর্ণ বা দূষিত ছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীদের অক্সিজেন সাপোর্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত মুখে খাবার নিষেধ করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সঠিক কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এক অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক জানান, “সকালে মেয়ে একদম ভালো ছিল। স্কুলে গিয়ে এমন অবস্থায় পড়বে ভাবতেই পারিনি।”
ঘটনার পর বিদ্যালয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেক অভিভাবক দুপুরেই সন্তানদের স্কুল থেকে বাড়ি নিয়ে যান।




















