রাজশাহীতে চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন
- আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৪৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন
দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর বিদেশি জাল নিষিদ্ধে সরকারের হস্তক্ষেপ দাবি
রাজশাহীতে চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে স্থানীয় জেলে সম্প্রদায়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলাভূমির দেশীয় মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারি জালের ভয়াবহ প্রভাব পড়ছে। দেশীয় মাছের প্রজনন ও বৃদ্ধির পাশাপাশি জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
তারা বলেন, “বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” এবং “মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫” অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল নিষিদ্ধ। তবুও কিছু অসাধু ব্যবসায়ী নদী-খাল-বিলে এই জাল ব্যবহার করে দেশীয় মাছ নিধন করছে এবং জীববৈচিত্র্য ধ্বংস করছে।
বক্তারা আরও বলেন, এই জালের কারণে শুধু মাছ নয়, জলজ প্রাণী যেমন ব্যাঙ, কচ্ছপ, পাখি, এমনকি উদ্ভিদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা চায়না দুয়ারি জালসহ সকল ক্ষতিকর বিদেশি মাছ ধরার সরঞ্জাম অবিলম্বে নিষিদ্ধ ও বাজার থেকে প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, গ্রীন কোয়ালিশনের রাজশাহীর আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, আদিবাসী যুব পরিষদের জেলা সভাপতি উপেন রবিদাস, সমাজকর্মী সম্রাট রায়হান ও আতিকুর রহমান আতিক প্রমুখ।




















