গোদাগাড়ী পৌরবাসী মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে
- আপডেট সময় : ০৫:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩৮৫ বার পড়া হয়েছে

গোদাগাড়ী পৌরবাসী মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরবাসী। কর্মব্যস্ত মানুষের দিনযাপন এখন মশার যন্ত্রণায় নাজেহাল। মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার শিশু, ছাত্র-ছাত্রী ও গর্ভবতী নারীরা।
স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকার নালা-নর্দমা অপরিষ্কার, ড্রেনে জমে থাকা পানি ও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে মশার বিস্তার বেড়ে চলেছে। দীর্ঘদিন ধরে মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও তারা জানান।
সারাংপুর এলাকার মোজাম্মেল হক বলেন, “হঠাৎ করেই মশা বেড়ে গেছে, কিন্তু পৌরসভা থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”
শিক্ষার্থী টুম্পা জাহান বলেন, “মশার গুনগুন শব্দে পড়াশোনা করাই কষ্টকর হয়ে গেছে।”
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফয়সাল আহমেদ বলেন,
“মশা নিধন ও ড্রেন পরিস্কারে নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন বর্ষায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”




















