বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি
- আপডেট সময় : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি
মোহাম্মদ দুদু মল্লিকঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শারমিন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মেয়ের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজ শারমিন আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের পশিরুল ইসলামের মেয়ে। তিনি লাহিড়ী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিবেশী রমিক চন্দ্র সিংহ (২৩) মোবাইল ফোনে শারমিনকে বাড়ির বাইরে ডেকে নেন। শারমিন বাড়ি থেকে বের হলে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার দুই দিন পর শারমিনের বাবা পশিরুল ইসলাম বাদী হয়ে রমিক চন্দ্র সিংহ, তাঁর বাবা গ্রাম পুলিশ সুমন্ত চন্দ্র সিংহসহ পাঁচজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা করেন।
পরিবারের অভিযোগ, মামলা হওয়ার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শারমিনকে উদ্ধার বা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্বজনদের দাবি, অভিযুক্তদের ভারতের সঙ্গে নিয়মিত যাতায়াত রয়েছে। মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় তাকে সীমান্ত পার করে ভারতে পাচার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে এ আশঙ্কার বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শারমিনের বাবা পশিরুল ইসলাম বলেন, প্রধান আসামির বাবা সুমন্ত চন্দ্র সিংহ এলাকায় ছিলেন। তাকে গ্রেপ্তার করা হলে মেয়েকে উদ্ধারে অগ্রগতি হতে পারত বলে তিনি মনে করেন। তিনি দ্রুত তাঁর মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এদিকে মামলার আসামিদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা বৈশ্বানী রানী বলেন, রমিক চলে যাওয়ার পর তাঁর বাবাও বাড়িতে নেই। তিনি শুধু বাড়ি পাহারা দিচ্ছেন বলে জানান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, পরিবার পুলিশকে বিষয়টি কিছুটা দেরিতে জানিয়েছে। পুলিশ অপহরণ মামলা নিয়েছে এবং মোবাইল ফোনের লোকেশন শনাক্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিখোঁজ কলেজছাত্রীর ছবি গণমাধ্যমে প্রকাশের পর কেউ তাকে চিনতে পারলে পুলিশকে জানানোর অনুরোধ করেছেন ওসি।


















