চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত
- আপডেট সময় : ০৩:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন রিংকু। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
রিংকুর ঘনিষ্ঠ বন্ধু কামরুল হাসান জুয়েল জানান, প্রায় এক সপ্তাহ ধরে তিনি ডেঙ্গুতে ভুগছিলেন। তার স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তার স্ত্রীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘরে পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।


















