বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার কালিকাপুর আদর্শ গ্রামের একটি নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে শফিকুল নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী মামুন হোসেনের নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই জাকির হোসেন অভিযোগ করে বলেন, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে প্রতিবেশী সোহেল হোসেনের সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে শফিকুলের মারামারি হয়েছিল। এ ঘটনার জেরে সোহেল ও তার সহযোগীরা শফিকুলকে হত্যা করতে পারেন বলে দাবি করেন তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে সোহেল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শফিকুল পাঁচ দিন আগে নিখোঁজ হলেও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।























