মান্দায় টিনের ছাউনি কেটে পাঁচ দোকানে দুর্ধর্ষ চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট
- আপডেট সময় : ০২:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

মান্দায় টিনের ছাউনি কেটে পাঁচ দোকানে দুর্ধর্ষ চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট
নওগাঁর মান্দায় টিনের ছাউনি কেটে পাঁচ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের অভিযোগ চোরেরা তাদের দোকান থেকে ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোতবাজারে চুরির এ ঘটনা ঘটে।
চোরেরা সুভাষ চন্দ্র পালের মা-লতা জুয়েলার্স থেকে ৫ লাখ টাকা গহনা, মনোয়ার হোসেন হীরোর মরিয়ম টেলিকম থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, আশরাফুল ইসলামের (বিকাশ এজেন্ট) আঁখি টেলিকম থেকে ২ লাখ টাকা, শরীফ ফার্মেসী থেকে ৫০ হাজার টাকা এবং রতন কুমার দাসের সাগর ডেন্টাল কেয়ার থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়।
মা-লতা জুয়েলার্সের মালিক সুভাষ চন্দ্র পাল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দোকানঘর বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার (২৩ জুলাই) সকালে দোকানঘর খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারি। দোকান থেকে স্বর্ণ ও রূপার অন্তত ৫ লাখ টাকার গহনা খোয়া গেছে।
আঁখি টেলিকমের মালিক আশরাফুল ইসলাম বলেন, ৬জন নৈশপ্রহরী প্রতিরাতে বাজার পাহারা দেয়। পাহারা থাকাবস্থায় ৫টি দোকানে চুরির ঘটনাটি রহস্যজনক।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে। খোয়া যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



















