বাগাতিপাড়ায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরনের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১১:৩২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরনের দাবিতে মানববন্ধন
নাটোরের বাগাতিপাড়া গ্রামীণ রাস্তা পাকাকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার গাওপাড়ায় কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় ঘন্টা ব্যাপী এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে গ্রামের গৃহবধু, শিশু শিক্ষার্থীসহ নানা বয়সের নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় আনিসুর রহমান, ভ্যানচালক শহিদুল ইসলাম, গৃহবধু মিতা খাতুন, শিক্ষার্থী অন্তি প্রমুখ।

বক্তারা জানান, গাওপাড়া গ্রামে প্রায় তিন হাজার লোকের বসতি। গ্রামের মধ্যদিয়ে বয়ে চলা প্রায় দুই কিলোমিটার রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষাকালে কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দূর্ভোগে পড়েন পথচারীরা। সেসময় এলাকায় কোন ভ্যানগাড়িসহ কোন যানবাহন চলাচল করতে পারেনা। কাদা মাড়িয়ে পায়ে হেঁটে সব শিক্ষার্থীদের পার্শ্ববর্তী গ্রামের প্রাথমিক ও মাদরাসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। তাছাড়াও রাস্তার কারনে বর্ষাকালে গ্রামের মুমূর্ষু রোগীদের দেখতেও কোন চিকিৎসক যান না। এছাড়াও গ্রামটি থেকে পাশের লোকমানপুর, দীঘা ও বাউসা বাজারে যেতে এবং কৃষিপণ্য বাজারজাত করনের ক্ষেত্রেও তারা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে দাবির প্রেক্ষিতে মাপজোখ করা হলেও কার্যত কিছুই হয়না। তারা দ্রুত রাস্তাটি পাকাকরনের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনূপ কুমার বলেন, সব কাঁচা রাস্তায় প্রকল্পে দেওয়া আছে, পর্যায়ক্রমে সব রাস্তায় পাকাকরন হবে। তবে রাস্তাটি কোন দফতরের মাধ্যমে বাস্তবায়িত হবে তা খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি জানান।




















