স্ত্রী/কে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে বি/ষপান, স্বামীর মৃ/ত্যু
- আপডেট সময় : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে

স্ত্রী/কে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে বি/ষপান, স্বামীর মৃ/ত্যু
লালপুরের ওমর ফারুককে রাজশাহী মেডিকেলে নেওয়ার পর মৃত্যু; পারিবারিক কলহের জেরে স্ত্রী ছিলেন বাবার বাড়িতে
নাটোরের লালপুর উপজেলার এক ব্যক্তি স্ত্রীকে বুঝিয়ে বাড়ি ফেরাতে শ্বশুরবাড়িতে গিয়ে ব্যর্থ হয়ে বিষপান করার পর মারা গেছেন। নিহতের নাম ওমর ফারুক। তিনি উপজেলার মোহরকয়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাদ্দামপুর গ্রামে শ্বশুরবাড়িতে বিষপান করেন ওমর ফারুক। পরে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
তবে পরিবারের সদস্যরা তাকে যশোরে না নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে আনা হয়।
পরিবার জানায়, প্রায় ৯ বছর আগে ওমর ফারুকের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান না হওয়ায় পারিবারিক কলহ চলছিল। এর জেরে কয়েকদিন আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান।
বৃহস্পতিবার সকালে ওমর ফারুক তার মা রাশেদাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী বাড়ি ফিরতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তিনি অতিরিক্ত পরিমাণে গ্যাস ট্যাবলেট সেবন করেন।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















