রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
রাতে বিষ প্রয়োগের সন্দেহ, ভেসে উঠল রুই-কাতলাসহ কার্প জাতীয় মাছ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পলাতক এক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লার একটি পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে।
অভিযোগে জানা গেছে, পুকুরটি তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার। তিনি নুরপুর মহল্লার বাসিন্দা এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এর আগে গত ২১ মার্চ ঈদের রাতে তাহেরপুর পৌর বিএনপির এক শীর্ষ নেতার অনুসারীরা তার বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের প্রায় ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি আত্মগোপনে থাকায় বর্তমানে তার স্বজনেরা পুকুরটি দেখাশোনা করছিলেন। নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার রাখা হয়নি।
পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে সোহেল রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির পাশের পুকুরটি স্বজনেরা দেখাশোনা করছিলেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। কারা বিষ প্রয়োগ করেছে, তা তিনি নিশ্চিত নন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















