রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৯:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
নওগাঁর রাণীনগরে গাছ কেটে ফেলে অন্যের মালিকানা জমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ভুক্তভোগী পরিবারের এক গৃহবধূকে হেনস্তা করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। রাণীনগর উপজেলার রঞ্জনিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
অভিযোগ উঠেছে- রঞ্জনিয়া গ্রামের আব্দুল জলিলের ক্রয়কৃত প্রায় ৬ শতক জমি জোরপূর্বক দখলে নিয়েছে একই গ্রামের জাহিদুল ও তার ছেলে সাইফুলসহ তার পরিবার ও কয়েক আত্মীয় স্বজন। অভিযোগ রয়েছে- রঞ্জনিয়া মৌজায় দুই দাগে আব্দুল জলিল প্রায় সাড়ে ১৬ শতক জমি কিনে দুইদাগে ভোগ দখলে রয়েছেন। কিন্তু প্রতিপক্ষ জাহিদুল ও তার ছেলে সাইফুল এবং তার লোকজন তাদের সম্পত্তিতে দখলে না গিয়ে আব্দুল জলিলের প্রায় ৬ শতক জমি জোরপূর্বক দখলে নিয়েছেন।
জানা গেছে, উপজেলার খলিশাকুঁড়ি গ্রামের সাহার আলীর নিকট থেকে ২০০৪ সালে রঞ্জনিয়া মৌজার দুইদাগে সাড়ে ১৬ শতক জমি কিনেন রঞ্জনিয়া গ্রামের আব্দুল জলিল নামে এক ব্যক্তি। সেই থেকে ক্রয় মালিকানামূলে আব্দুল জলিল সম্পত্তির দুইদাগে বসতবাড়ি ও বাগান করে ভোগ দখলে রয়েছে। হটাৎ করে ক্রয় ও ওয়ারিশমূলে মালিকানা দাবি করে একই গ্রামের জাহিদুল ও তার ছেলে সাইফুলসহ তার পরিবার ও কয়েকজন আত্মীয় স্বজন শনিবার দুপুরের দিকে জমিতে গিয়ে জলিলের রোপনকৃত ১৪ থেকে ১৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে জলিলের প্রায় ৬ শতক জমি তারা জোরপূর্বক দখলে নিয়ে বেড়া দেয়।
ভুক্তভোগী আব্দুল জলিল জানান, ঘটনার দিন আমি বড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা জোরপূর্বক আমার সম্পত্তির ১৪-১৫টি গাছ কেটে প্রায় ৬ শতক সম্পত্তি দখল করেছে। এ সময় আমার ছেলের স্ত্রী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তারা তাকে হেনস্তা করে মোবাইল কেড়ে নিয়েছে। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচারের জন্য মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছি।
জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফুল বলেন, আমরা অন্যের কোন সম্পত্তি দখল করিনি। আমাদের ক্রয়কৃত এবং ওয়ারিশমূলে প্রাপ্ত সম্পতি আমাদের দখলে ছিল এবং আছে। শনিবার সেখানে আমরা (মালিকরা) জঙ্গল পরিস্কার করে বেড়া দিয়েছি। সেখানে কাউকে হেনস্তার কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















