ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- আপডেট সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ পামোল সীমান্ত দিয়ে এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। শনিবার (৬ জুন) এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি বাংলায় কোনো কথা বলতে না পারলেও মাঝেমধ্যে হিন্দিতে কথা বলছিলেন। পরে তার পরিচয় যাচাই করে বিজিবি নিশ্চিত হয় যে তিনি ভারতের নাগরিক।
ধর্মগড় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বিষয়টি বিএসএফকে অবহিত করে এবং কড়া প্রতিবাদ জানায়। পরবর্তীতে ওই ব্যক্তিকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়।
স্থানীয় সহকারী শিক্ষক সেলিম বলেন, “সীমান্তে পুশইন কিংবা শূন্যরেখা সংক্রান্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণও সচেতন রয়েছে। আটক ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। কীভাবে তিনি সীমান্ত অতিক্রম করেছেন, তা তদন্ত করা প্রয়োজন।”
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, “একজন মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে বিজিবি সদস্যরা আটক করেছিল। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।”


















