নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা
- আপডেট সময় : ০৮:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা
নাটোরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাটোর পৌর এলাকার উপশহরস্থ প্রত্যয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান রাহীক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আজ আমাদের দোরগোড়ায়। তীব্র তাপদাহ, অনাবৃষ্টি এবং আবহাওয়ার চরম বৈরী আচরণ থেকে রক্ষা পেতে সবুজায়নের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ তাদের হাতে যে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে, সেগুলো শুধু গাছ নয়, বরং পরিবেশ রক্ষার একেকটি হাতিয়ার। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাটোর জেলা যুব প্রধান আহনাফ আমিন মারুফ, উপ-যুব প্রধান ওয়াফিস ফেরদৌস, শহর যুব প্রধান নাফিজ আহমেদ, উপ-যুব প্রধান মাহিউর রহমান রুপ, সদস্য রিফাত হাসান হৃদয়, আদনান ইসলাম সিয়াম, ফাহিম ও সিয়ামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে আগামী তিন মাসব্যাপী ধারাবাহিক বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পরিচালনা করবে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন।


















