রাজশাহীতে জামায়াতকর্মী আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৩:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

রাজশাহীতে জামায়াতকর্মী আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
৭ দিনের মধ্যে আসামি গ্রেপ্তারের আলটিমেটাম, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী ও মোহনপুর উপজেলা শাখা।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার ও মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-১ (গোদাগাড়ি-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “আমাদের ভাই মো. আলাউদ্দিনকে হত্যার দুই দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনকে বলব, আসামি গ্রেপ্তারে কোনো ধরনের গড়িমসি বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, সমাজে আল্লাহপ্রদত্ত আইন কার্যকর না থাকার কারণেই হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহর আইন চালু হলে সমাজ থেকে হত্যা, ব্যভিচার, দুর্নীতি ও ঘুষসহ নানা অপরাধ দূর হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
মুজিবুর রহমান বলেন, “সবার আগে বাংলাদেশ” স্লোগান দেওয়ার পরও বিএনপি বাস্তবে সহিংসতার রাজনীতি শুরু করেছে—এই ঘটনা তারই প্রমাণ। রাজশাহীর রাজনৈতিক অঙ্গন ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ হলেও কিছু দুষ্কৃতিকারী এ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন-পরবর্তী সময় থেকে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যার ফলশ্রুতিতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ আলাউদ্দিনের হত্যাকারীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসা কল্যাণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট ও যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।
অপরদিকে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় উপজেলা জামায়াতের আমির আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের আমির আব্দুল খালেকসহ দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নিহত আলাউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে মোহনপুর সদর ও কেশরহাট এলাকায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এর দায় প্রশাসনকে নিতে হবে।
উল্লেখ্য, ঈদের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় জামায়াত কর্মী মো. আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা ওমর ও রাইসুলের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



















