মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ধানী জমির মাটি বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের অভিযান; উর্বরতা নষ্টের আশঙ্কা
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাউল গ্রামে ধানী জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, ধানী জমির মাটি কেটে ফেলা কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।




















