বাঘায় চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
- আপডেট সময় : ০২:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

বাঘায় চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
রাজশাহীর বাঘায় ঈদ উপলক্ষে ১০ কেজি করে চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে এই ঘটনা ঘটেছে। জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ ও জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের মধ্যে মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকরা একটি বিক্ষোভ করে। ঘটনার পর থেকে এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ গ্রুপের পক্ষে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল ও সাবেক সাধারণ সম্পাদক এনাম মন্ডলের মধ্যে ঈদ উপলক্ষে ১০ কেজি চাউলের স্লিপ ভাগাভাগি নিয়ে তর্কবির্তক হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন নিয়ে বাজারের দুই পাশে লাঠি নিয়ে জামায়েত হয়। আবু সাইদ চাঁদ গ্রুপের লোকজন আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের লোকজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকরা বিনোদপুর বাজারে একটি বিক্ষোভ করে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















