বাগাতিপাড়ায় পুত্রবধূ ও নাতি বউ এর ওপর অভিমানে বৃদ্ধার আ ত্ম হ ত্যা
- আপডেট সময় : ০২:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৯৬৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় পুত্রবধূ ও নাতি বউ এর ওপর অভিমানে বৃদ্ধার আ ত্ম হ ত্যা
নাটোরের বাগাতিপাড়ায় মনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা পুত্রবধূ ও নাতি বউ এর ওপর অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে নিজ বাড়িতে সে বিষ খায় এবং এদিন দুপুরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মনোয়ারা বেগম উপজেলার সদর ইউনিয়নের খন্দকার মালঞ্চি গ্রামের মৃত সমেজ আলীর স্ত্রী ছিলেন। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃতের পরিবারের বরাৎ দিয়ে থানা পুলিশ জানায়, চলতি মাসের ৩ তারিখে নাতি বউ সাফিয়া ইয়াসমিন ইভা ও পুত্রবধূ রসিয়া বেগমের সাথে পরিবারের কাজকাম নিয়ে একটু বাকবিতান্ডা হয় বৃদ্ধা মনোয়ারা বেগমের। এরপর থেকে তাদের ওপর অভিমান করে থাকেন তিনি। এমনকি গত তিনদিন ধরে তিনি না খেয়েই ছিলেন। তিনদিন না খেয়ে থাকায় তার ছেলে আনোয়ার হোসেন গতকাল (সোমবার) রাতে জোর করে তাকে রাতের খাবার খাওয়ায়। এতেই বৃদ্ধার অভিমান ভাঙ্গে না। ঘটনার দিন সকালে বাড়ির সকলের অজান্তে ফসলে ব্যবহারের জন্য বাড়িতে রাখা পাউডার জাতিয় বিষ খায় বৃদ্ধা মনোয়ারা বেগম। বিষয়টি তার ছেলে আনোয়ার বুঝতে পেরে পরিবারের সদস্যদের সাথে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিয়ে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। পরে এদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।
বাগতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মনোয়ারা বেগমের লাশের প্রাথমিক সুরাতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় আনা হয়। আগামীকাল (বুধবার) ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এবিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।




















