বাগাতিপাড়ায় আগুনে পুড়ে গেছে ১২টি ঘর, নিঃস্ব ৬টি পরিবার!
- আপডেট সময় : ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৬১০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আগুনে পুড়ে গেছে ১২টি ঘর, নিঃস্ব ৬টি পরিবার!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আগুন লেগে ৬টি পরিবারের ১২টি ঘর ভস্মীভূত হয়েছে। এছাড়া এই অগ্নিকান্ডের ঘটনায় সাতটি ছাগল ও তিনটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ধারণাও করতে পারছেন না।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থরা জানান, মঙ্গলবার শেষ রাতে উপজেলার চিথলিয়া গ্রামের বিরাম উদ্দিন, মধু মন্ডল, সারজানা, হিরা, সাবান এবং সুজনের বাড়িতে আগুন লেগে গরু ছাগলসহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল, নগদ অর্থ এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সোহেল নামের একজন ক্ষতিগ্রস্থ জানান, কখন কিভাবে আগুন ধরেছে আমরা কিছুই বুঝতে পারিনি। আমার ৫ বছর বয়সি ছোট্ট মেয়ে প্রথমে বুঝতে পেরে আমার মায়ের চুল টানাটানি করতে থাকে। পরে আমার মা ঘুম থেকে জাগা পেয়ে বাহিরে বের হয়ে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। তারই চিৎকারে আমরা সবাই বের হয়ে আসি কিন্তু ততক্ষণে আগুনের তিব্রতা বেড়ে যায় গ্রামবাসীর সহযোগিতায় অনেক চেষ্টা করেও আগুন নিভানো সম্ভব হয়নি। পরে দয়ারামপুর ও লালপুর ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আমাদের সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আমরা ৬টি পরিবার নিঃস্ব হয়ে হয়ে গেছি।
এ বিষয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গরুর ঘরে মশা তাড়ানোর জন্য শুকনো গোবরে (ঘুঁটে) আগুন জ্বালানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা এবং লালপুর ফায়ার সার্ভিস টিম গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে তাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



















