বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন, আর্থিক সহায়তা দিলেন ইউএনও!
- আপডেট সময় : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৩২৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন, আর্থিক সহায়তা দিলেন ইউএনও!
বাগাতিপাড়ায় (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাড়িতে আগুন লেগে এক কৃষকের সর্বস্ব পুড়ে গেছে। মঙ্গলবার ১৬ এপ্রিল দিবাগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে আব্দুর রাজ্জাক নামে এক কৃষকের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়িতে লাগা ওই আগুনে ১০টি ছাগল, ২টি রাজ হাঁস, ২০টি বয়লার মুরগী ও ধানমাড়াই কল সহ গোয়াল ঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া সম্পদগুলো কৃষক রাজ্জাকের স্বপ্ন ছিল। রাজ্জাক অভিযোগ করে বলেন, তাকে ক্ষতিগ্রস্থ করতে কে বা কারা এই আগুন লাগিয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আব্দুল রাজ্জাক কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালিয়ে অনেক কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন। সেই কষ্ট দূর করে সংসারে একটু স্বচ্ছলতা আনতে তিনি ছাগল-মুরগি পালন করছিলেন। ঘটনার রাতে পাশের বাড়িতে থাকা রাজ্জকের মামী রিনা বেগম তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। তিনি হঠাৎ বাইরে শব্দ শুনতে পেয়ে বাহির হয়ে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় তার চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজ্জাকের স্বপ্নের সব সম্পদ।

এদিকে এই দূর্ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও অর্থ সহায়তা প্রদান করেন।



















