পঞ্চগড়ে মাদকবিরোধী সমাবেশে প্রশাসনের কঠোর অবস্থান — গ্রামবাসীর প্রতিকার দাবি
- আপডেট সময় : ০৫:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে মাদকবিরোধী সমাবেশে প্রশাসনের কঠোর অবস্থান — গ্রামবাসীর প্রতিকার দাবি
পঞ্চগড়ের বোদা উপজেলার বামনবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বামনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বামনবাড়ি টাইগার ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা সুরজ্জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমান, বামনবাড়ি জামে মসজিদের ইমাম মঞ্জরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বামনবাড়ি এলাকার কিছু ব্যক্তি ও তাদের সহযোগীরা দীর্ঘ এক যুগ ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তারা বারবার আটক হলেও আইনের ফাঁক গলে মুক্তি পেয়ে যায়। পুলিশ অনেক সময় সঠিক চার্জশিট দেয় না বলে অভিযোগ তোলেন বক্তারা। এতে করে এলাকাটি “মাদকের গ্রাম” নামে পরিচিত হয়ে পড়েছে।
ইউএনও রবিউল ইসলাম বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় — স্থানীয়দের সক্রিয় সহযোগিতা জরুরি। পুলিশ আসামি ধরলেও সাক্ষীর অভাবে তারা জামিনে বেরিয়ে যায়। তাই প্রত্যেক গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে।




















