পঞ্চগড়ে বিশ্ব নদী দিবসে শিশু ও মৎস্যজীবীদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক আয়োজন
- আপডেট সময় : ০৩:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৭১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিশ্ব নদী দিবসে শিশু ও মৎস্যজীবীদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক আয়োজন
পঞ্চগড়ে শিশু ও মৎস্যজীবীদের অংশগ্রহণে গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে নদী পাড়ের বিভিন্ন গ্রামে স্থানীয়দের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়।
প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর এই আয়োজন করে। সদর উপজেলার মিলন বাজার ও রাজার পাট ডাঙ্গা গ্রামের তিনটি স্পটে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়, যা গ্রাম প্রদক্ষিণ শেষে চাওয়াই নদীর তীরে গিয়ে শেষ হয়। সেখানে খোলা প্রান্তরে গান, কবিতা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিশুরা তাদের অভিজ্ঞতা ও নদী বিষয়ক কবিতা পাঠ করে।
এসময় স্থানীয় নারী, শিক্ষার্থী ও মৎস্যজীবীরাও নদী রক্ষার গুরুত্ব নিয়ে মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী রইস উদ্দিন ও শিমুল। বিকেলে মিলন বাজারে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার জানান, পঞ্চগড় জেলায় প্রায় ৫০টি ছোট-বড় নদী প্রবাহিত। এই নদীগুলো পাথর-বালি অর্থনীতি এবং প্রাকৃতিক মাছের ভাণ্ডার হলেও মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডে নদী ও দেশীয় মাছ বিলুপ্তির পথে।
তিনি নদী রক্ষায় সচেতনতা ও পরিকল্পিত উদ্যোগের আহ্বান জানান।



















