জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আপডেট সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিশেষ সাফল্য দেখিয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) এবং সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন। পাশাপাশি গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) স্বপ্না রানী সরকার বলেন, “এ শ্রেষ্ঠত্ব আমাদের একার নয়। এ অর্জনের সঙ্গে আমাদের বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবদান জড়িত। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে আমার সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”
এছাড়া ঘোষিত ফলাফলে লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন।
সহকারি শ্রেষ্ঠ শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষক মো. লুৎফর রহমান। সহকারি শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষিকা মোছা. জান্নাতুল ফেরদৌস।
অন্যদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়াবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


















