চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপির, সুষ্ঠু নির্বাচনে নিরপেক্ষতার অঙ্গীকার
- আপডেট সময় : ০৫:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আনসার-ভিডিপির, সুষ্ঠু নির্বাচনে নিরপেক্ষতার অঙ্গীকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন, সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত এ বর্ণাঢ্য সমাবেশটি আনসার-ভিডিপির ধারাবাহিক নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। একই সময়ে আধুনিক প্রযুক্তির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কক্সবাজার জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক বলেন, অতীতের সকল অনিয়মতান্ত্রিক চর্চার অবসান ঘটিয়ে আসন্ন নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যরা নতুন উদ্যমে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটের দিন সব কিছুর ঊর্ধ্বে থেকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের মর্যাদা সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ সদস্য ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে আনসার-ভিডিপি এবারের নির্বাচনে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পরবর্তী ভাতা পরিশোধের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত প্রদান নিশ্চিত করা হবে।
নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব—এই তিন মূলনীতিকে সামনে রেখে আনসার-ভিডিপি নির্বাচনকালীন দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ বলে সমাবেশে জানানো হয়।




















